‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, বরের বাবা গ্রেপ্তার

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২২:০৮, ৩ অক্টোবর ২০২৬

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, বরের বাবা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি হওয়া গরু দিয়ে ছেলের বউভাতের আয়োজন করার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে একটি গরু জবাই করা হয়।

এদিকে উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোরে গোয়ালঘর থেকে চুরি হয়। শহিদুল ইসলামের দাবি, বউভাতের অনুষ্ঠানে জবাই করা গরুটিই তাঁর চুরি যাওয়া গরু। রাতের আঁধারে গোয়ালঘর থেকে গরুটি চুরি করে এনে জবাই করা হয়েছে অভিযোগ করে তিনি গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, এ ঘটনায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন