মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২২:৪২, ২ অক্টোবর ২০২৬

মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির প্রতিবাদ করায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাঁর মুক্তির পাশাপাশি বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, ১ অক্টোবর ওমরা পালন শেষে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেজর (অব.) আখতারুজ্জামান অন্যান্য যাত্রীর মতো হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদ করায় তিনি সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশও জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে ঘটনাটি তদন্ত করা হবে। অথচ তদন্তের আগেই আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয় এবং ওই মামলায় শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসদাচরণ, লাগেজ নিয়ে হয়রানি, তথ্যের ঘাটতি এবং এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানোর মতো অভিযোগে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানসহ যেসব যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

একই সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘নিঃশর্ত মুক্তি’ দেওয়ার দাবি জানিয়ে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন