রিয়াদ-দাম্মাম রুটে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

টিএনএন ডেস্ক

প্রকাশ: ০৯:৫৮, ১২ নভেম্বর ২০২৬

রিয়াদ-দাম্মাম রুটে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইটে বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল যাত্রীদের। তবে সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকায় অবস্থানরত যাত্রীদের বহন করেনি এয়ারলাইনসগুলো।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি রয়েছে।

এছাড়া, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে, হুথিদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখে। পরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়।

এদিকে, একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনায় সৌদি আরবগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান, ছুটি শেষে কর্মস্থলে ফেরা এবং জরুরি প্রয়োজনে সৌদি আরবগামী যাত্রীরা বেশি বিপাকে পড়েছেন।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন