শীতের সবজিতে সয়লাব বাজার, তবু অস্বস্তিতে ক্রেতা

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৬:৪৫, ৩০ অক্টোবর ২০২৬

শীতের সবজিতে সয়লাব বাজার, তবু অস্বস্তিতে ক্রেতা

ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে শীতকালীন আগাম শাকসবজির সরবরাহ বাড়লেও চড়া দামের কারণে স্বস্তি মিলছে না সাধারণ ক্রেতাদের। বাজারে আসা নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ টাকায় এবং দেশি টমেটো ঠেকেছে ১৮০ থেকে ২২০ টাকায়। অধিকাংশ সবজির দামই এখন কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার ঘরে। সবজির সঙ্গে পাল্লা দিয়ে চড়া মাছ ও মুরগির বাজারও; বিশেষ করে বড় আকারের দেশি ও সামুদ্রিক মাছ কিনতে ভোক্তাদের পকেট থেকে বাড়তি অর্থ বেরিয়ে যাচ্ছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বাজারদরের এমন চিত্র দেখা গেছে।

সবজির উচ্চমূল্য নিয়ে ব্যবসায়ী রামিজ উদ্দিন বলেন, বাজারে নতুন কোনো সবজি বা পণ্য উঠলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে।

তবে বাজারে দামের এমন পার্থক্যে ক্ষোভ প্রকাশ করে ক্রেতা রবিন বলেন, টেলিভিশনে দেখি, পাঁচ টাকা দিয়েও কেউ লাউ কিনছে না। অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সবজির দামই ১০০ টাকার আশপাশে।

সবজির বাজারদর

বাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে প্রতি কেজি ঝিঙা ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, শিম ১০০ টাকা এবং গাজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কচুমুখী ও ঢ্যাঁড়স ৮০ টাকা, মুলা ৭০ টাকা, পটোল ৬০ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা পিস বা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে লাউয়ের দাম পড়ছে ৬০ থেকে ৮০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায় এবং জলপাই মিলছে ৮০ টাকায়।

তবে তুলনামূলক কম দামে মিলছে পেঁপে (প্রতি কেজি ৩০ টাকা) ও মিষ্টিকুমড়া (প্রতি কেজি ৪০ টাকা)। সব মিলিয়ে পেঁপে, মিষ্টিকুমড়া, বাঁধাকপি, ফুলকপি ও পটোল ক্রেতারা ৩০ থেকে ৬০ টাকার মধ্যে পেলেও বাকি সবজির জন্য কেজিপ্রতি গুনতে হচ্ছে ১০০ টাকার কাছাকাছি বা তারও বেশি।

মাছের দামেও নেই স্বস্তি

মাছের বাজারে গিয়ে দেখা গেছে দামের ব্যাপক ব্যবধান। তুলনামূলক কম দামের মধ্যে প্রতি কেজি পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের মাছের মধ্যে রুই ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা ও বায়লা ৫৫০ টাকা কেজিতে মিলছে।

অন্যদিকে দেশি ও বড় মাছ কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। বাজারে প্রতি কেজি বড় আকারের কাতল মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। এছাড়া প্রতি কেজি ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং বাইন মাছ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শিং মাছের দাম কেজিপ্রতি ১ হাজার টাকা ও বড় আকারের চিংড়ির দাম ১ হাজার ৪০০ টাকা। সাগরের পাঙাশ কিনতে গুনতে হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা।

বাজারে আসা মাছের রাজা ইলিশের দামও সাধারণের নাগালের বাইরে। ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে এবং এক কেজি ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৬০০ টাকা।

দামের এ পরিস্থিতি নিয়ে মাছ ব্যবসায়ী তরুন বলেন, সাগরের মাছ সব সময় বেশি থাকে। হাজারের নিচে বিক্রি হয় না। আবার দেশি মাছের দামও বেশি। চাষের মাছের দামও ২০০ টাকার উপরে। আজকে আইড় মাছ ৭০০ থেকে ১২৫০ টাকা কেজি বিক্রি করছি।

তবে বাজারের মান নিয়ে আজাদ রহমান নামে এক ক্রেতা বলেন, মোহাম্মদপুরে অন্যান্য বাজারের তুলনায় টাউন হল মার্কেটে মাছের দাম একটু বেশি থাকে। দাম বেশি হলেও এখানে তরতাজা মাছ পাওয়া যায়।

মুরগি ও ডিমের দাম

এদিকে মুরগির বাজারে ব্রয়লারের তুলনায় সোনালি মুরগি কিনতে ক্রেতাদের উল্লেখযোগ্য পরিমাণ বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকায় বিক্রি হলেও সোনালি মুরগির দাম পড়ছে কেজিপ্রতি ৩১০ থেকে ৩২০ টাকা। ডিমের বাজারে বর্তমানে প্রতি ডজন ব্রয়লারের লাল (ব্রাউন) ডিম ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

জিএ

আরও পড়ুন