টিএনএন ডেস্ক
প্রকাশ: ১২:০৬, ২৫ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
দেশের বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে আরেক দফা কমানো হয়েছে সোনার দাম। নতুন সমন্বয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে দেশের বাজারে টানা চতুর্থবারের মতো কমল মূল্যবান এই ধাতুর দর।
রবিবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৩ অক্টোবর প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল বাজুস।
সোনার নতুন মূল্যতালিকা
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)
২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা
রুপার দাম অপরিবর্তিত
সোনার দামে বড় পতন হলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে প্রতি ভরি—
২২ ক্যারেট রুপা: ৩ হাজার ৮৪৯ টাকা
২১ ক্যারেট রুপা: ৩ হাজার ৬৭৪ টাকা
১৮ ক্যারেট রুপা: ৩ হাজার ১৪৯ টাকা
সনাতন পদ্ধতির রুপা: ২ হাজার ৩৯১ টাকা
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ১২৬ দফা সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে, ৬৫ বার কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
বাজুস আরও জানিয়েছে, সোনার অলংকারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলংকার বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার বিদ্যমান নিয়ম বহাল থাকবে।
জিএ