এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

টিএনএন ডেস্ক

প্রকাশ: ০৯:১৪, ১২ নভেম্বর ২০২৬

এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। নুসরাত তাবাসসুম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার অভিযোগ সামনে এনেছেন।

বুধবার দিবাগত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম জানান, তার বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুক পোস্টে একই দাবি করেছেন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এনসিপির কুষ্টিয়া জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা এবং সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এভাবে পেট্রোল বোমা হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।” একজন এমপির বাড়িই যদি এমন হামলার ঝুঁকিতে থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্ন রেখে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন