হাইতিকে হারিয়ে জেগে উঠল ব্রাজিল

টিএনএন ডেস্ক

প্রকাশ: ০৯:১৫, ২০ জুন ২০২৬

হাইতিকে হারিয়ে জেগে উঠল ব্রাজিল

ছবি: সংগৃহীত

ছন্দে ফিরল ব্রাজিল। ফিরল জয়েও। দেখা গেল সাম্বা নৃত্যও। এ যেন আড়মোড়া ভেঙে জেগে ওঠা এক ব্রাজিল। যে ‘ভয়ঙ্কর’ ব্রাজিলকে দেখার অপেক্ষায় ছিলেন ভক্ত-সমর্থকেরা, তার কিছুটা হলেও হাইতির বিপক্ষে দেখালেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহারা।

তবে সেটি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আর জালের দেখা পায়নি ব্রাজিল। ভিনি-কুনহার জাদুতে বিরতির আগেই গোলোৎসব সারে সেলেসাওরা।

৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও হাইতির জালে আর বল পাঠাতে পারেননি কার্লো আনচেলত্তির শিষ্যরা।

তার মধ্যে ৬৮ মিনিটে বক্সের ভেতর ভিনির ব্যাক পাস থেকে দারুণ শট নেন বদলি নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তবে সেই শট লাগে গোলবারে।

আরেক বদলি নামা এন্ড্রিকের গোল বাতিল হয় অফসাইডে। ৭৮ মিনিটে সেই গোল হলে হাইতিকে এক হালি দিতে পারত ব্রাজিল।

তবে জয়ের কাজটি আগেই সেরে নেয় সেলেসাওরা। শনিবার সকালে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ২৩ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন কুনহা। ৩৬ মিনিটে আবারও জাল খুঁজে নেন এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। 

কুনহার দুই গোলেই অবদান রাখেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়টিতে করেন সরাসরি অ্যাসিস্ট। বিরতিতে যাওয়ার আগে এই রিয়াল মাদ্রিদ তারকা নিজেও পেয়েছেন গোল। 

প্রথমার্ধে যোগ করা দ্বিতীয় মিনিটে লুকাস পাকেতার মাঝমাঠ থেকে বাড়ানো বল পেয়ে এক দৌড়ে হাইতির বক্সে ঢুকে পড়েন ভিনি। এরপর আড়াআড়িভাবে বল পাঠান জালে।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে সেলেসাওরা মাঠে নেমেছেন দুই পরিবর্তন নিয়ে।

‘সি’ গ্রুপের আরেক ম্যঅচে রাতে মরক্কো ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। ব্রাজিলকে জায়গা ছেড়ে দিয়ে দুইয়ে নেমে গেছেন আশরাফ হাকিমিরা। ৩ পয়েন্ট নিয়ে স্কটিশরা আছে তিনে।

এই তিন দলেরই আছে নকআউট পর্বে যাওয়ার সুযোগ। গ্রুপ পর্বের তালিকায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উঠেছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে মরক্কো। পরের স্থানে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট তিন।

ব্রাজিল গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে, আগামী বৃহস্পতিবার ভোরে মিয়ামিতে।

জিএ

আরও পড়ুন