টিএনএন ডেস্ক
প্রকাশ: ১০:০১, ৪ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় সৌদি অ্যারাবিয়ান অয়েল কোম্পানি বা সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। শনিবার এক বিবৃতিতে ইয়েমেনের ইরানপন্থি গোষ্ঠীদের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য প্রদেশে হুথিদের লক্ষ্য করে হামলার প্রতিশোধ এটি। খবর আল-জাজিরা ও রয়টার্স।
বিভিন্ন প্রত্যক্ষর্শীরা শনিবার (০৩ অক্টোবর) রয়টার্সকে জানিয়েছেন, এদিন ভোরের দিকে রিয়াদে আরামকোর একটি স্থাপনার আশপাশ থেকে প্রচুর ধোঁয়া এবং আগুনের বড় কুণ্ডলী উঠতে দেখা গেছে।
তবে আরামকোর কোনো স্থাপনায় হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। এ বিষয়ে আরামকোর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে মন্তব্য করা হয়নি।
সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ হামলার খবর এলো। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে হুথিরা।
গত সপ্তাহেও ইয়ানবুতে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। সে সময় সৌদি আরব জানিয়েছিল, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তায়েফ ও ইয়ানবু এলাকার দিকে যাওয়ার পথে প্রতিহত করা হয়েছে। তবে আরামকোর স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির কথা জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
এদিকে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ৯৭টি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে দেশটির সরকার বাহিনী। তারা জানিয়েছে, তাইজ প্রদেশের আল-তাওয়াহি ফ্রন্ট এবং লাহিজ প্রদেশের আল-বাহা জেলায় এসব হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, “এসব অভিযানে বিমান, ড্রোন, গোলন্দাজ বাহিনীর অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও স্নাইপার ব্যবহার করা হয়েছে।”
এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এসব হামলায় হুথিদের ২৬০ সদস্য ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি সামরিক যান এবং পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে আল-নুজাইলি জানিয়েছিলেন, হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ২৫৭টি হামলা চালিয়েছে। সানা, মিদি, বাকিম, আল-জাওফ, মারিব, আল-বায়দা, লাহিজ ও তাইজে বিমান, ড্রোন, গোলন্দাজ বাহিনীর অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে এসব হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন। এসব হামলায় অন্তত ৭০০ হুতি যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে যুদ্ধক্ষেত্রে হামলা ও হতাহতের এসব দাবি যাচাই করা সম্ভব হয় নি বলে জানিয়েছে আল-জাজিরা।
জিএ