ভারতের বিধানসভা নির্বাচন

কেরালার বাম ঘাঁটিতে হিজাবি মুসলিম প্রার্থীর জয়, ইতিহাস গড়লেন ফাতেমা তাহলিয়া

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১০:৩১, ৫ মে ২০২৬

কেরালার বাম ঘাঁটিতে হিজাবি মুসলিম প্রার্থীর জয়, ইতিহাস গড়লেন ফাতেমা তাহলিয়া

জয়ী প্রার্থী ফাতিমা। সংগৃহীত

কেরালার রাজনীতিতে অপ্রত্যাশিত এক চমক দেখা গেছে বামপন্থিদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি পেরামব্রা বিধানসভা কেন্দ্রে। সেখানে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী ফাতেমা তাহলিয়া জয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন।

তিনি সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে গুরুত্বপূর্ণ এই আসনটি দখল করেন। মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে প্রায় ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী এই প্রার্থী।

এই জয়ের মধ্য দিয়ে ফাতেমা তাহলিয়া মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নজির স্থাপন করেছেন, যা রাজ্যের রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমেই রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে এলএলবি এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় যুক্ত আছেন।

তবে এই জয় সহজে আসেনি। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির মুখে পড়েন। বিশেষ করে হিজাব পরিহিত একজন মুসলিম নারী হিসেবে তার যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য ছড়ানো হয়। এসব বাধা অতিক্রম করেই শেষ পর্যন্ত বিজয় অর্জন করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বামপন্থিদের শক্ত ঘাঁটিতে এই ফলাফল কেরালার রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিচ্ছে।

/এআর

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন