যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ ফাইটার জেট ভূপাতিতের দাবি ইরানের

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৬:৫২, ৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ ফাইটার জেট ভূপাতিতের দাবি ইরানের

এফ-৩৫। সংগৃহীত

ইরান দাবি করেছে, তাদের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করেছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এ সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করেছে, যেখানে একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের আংশিক ধ্বংসাবশেষ দেখা যায়।

তবে প্রকাশিত ছবিগুলো নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সামরিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, ছবিতে যে অংশগুলো দেখা যাচ্ছে, সেগুলো এফ-৩৫-এর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বরং কাঠামোগত বৈশিষ্ট্য বিবেচনায় এটি যুক্তরাষ্ট্রের পুরোনো মডেলের এফ-১৫ যুদ্ধবিমান হওয়ার সম্ভাবনাই বেশি।

ছবির একটি অংশে ‘ইউএস এয়ার ফোর্সেস ইন ইউরোপ’-এর লোগোর আংশিক উপস্থিতিও লক্ষ্য করা গেছে, যা সাধারণত এফ-১৫ জেটের টেইল ফিনে ব্যবহৃত হয়। এ বিষয়ে গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো এবং রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা পিটার লেটন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, দৃশ্যমান কাঠামো বিশ্লেষণ করলে এটি এফ-১৫ হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হয়।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও প্রেস টিভি আইআরজিসির বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ভূপাতিত বিমানটি ছিল অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ জেট। তবে এই দাবির পক্ষে এখনো নির্ভরযোগ্য স্বাধীন কোনো প্রমাণ সামনে আসেনি।

এ বিষয়ে মন্তব্য জানার জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ধোঁয়াশা ও বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

 

/এআর

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন