টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৪:১৬, ১৮ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বুধবার রাজধানী বৈরুতসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলে এসব হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরুতের কেন্দ্রীয় বাশুরা এলাকায় একটি ভবনে হামলার আগে বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দেয় ইসরায়েলি বাহিনী। এর কিছুক্ষণ পরই সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভোরে বৈরুতে হামলায় অন্তত ৬ জন নিহত ও ২৪ জন আহত হন। একই সময়ে দক্ষিণ ও পূর্ব লেবাননের পৃথক হামলায় আরও অন্তত ১৪ জনের মৃত্যু হয়।
২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহর ইসরায়েলে হামলার পর থেকেই লেবাননে প্রায় প্রতিদিনই পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সম্প্রতি সীমিত আকারে স্থল অভিযানের ঘোষণাও দিয়েছে দেশটি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে লেবাননে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৯০০ ছাড়িয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন ৮ লাখের বেশি মানুষ।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ইরানেও প্রাণহানি ৩ হাজার ছাড়িয়েছে। পাল্টা হামলায় ইসরায়েল, ইরাক ও উপসাগরীয় অঞ্চলগুলোতেও হতাহতের ঘটনা ঘটেছে।
/এআর