বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২০:৫৪, ৯ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের (Elsevier) যৌথ মূল্যায়নে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১০ম ব্যাচের সাবেক শিক্ষার্থী অভিজিৎ ঘোষ।
২০২৫ ও ২০২৬ সালে প্রকাশিত তালিকায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন। নবায়নযোগ্য জ্বালানি (Renewable Energy) ও সোলার সেল প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন তিনি। বিশেষ করে পরিবেশবান্ধব ও সিসামুক্ত (Lead-free) পেরোভস্কাইট সোলার সেলের কার্যক্ষমতা বৃদ্ধি এবং কম্পিউটারভিত্তিক সিমুলেশন (DFT) ব্যবহার করে নতুন সেমিকন্ডাক্টর পদার্থের বৈশিষ্ট্য ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন তিনি। এসব বিষয়ে তাঁর একাধিক গবেষণাপত্র আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত হয়েছে। তাঁর গবেষক প্রোফাইলে সাইটেশনের সংখ্যা ৩ হাজার ৪০০-এর বেশি এবং এইচ-ইনডেক্স (H-index) ৩৭।
এ অর্জনের অনুভূতি প্রকাশ করে অভিজিৎ ঘোষ বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো নিজের নাম দেখতে পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের ও অনুপ্রেরণার বিষয়। একজন শিক্ষার্থী হিসেবে এই স্বীকৃতি আমার গবেষণার প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; বরং আমার পরিবার, বিশ্ববিদ্যালয়, সুপারভাইজার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, অন্যান্য শিক্ষক, গবেষণা-পরামর্শক এবং গবেষণার সঙ্গে যুক্ত সবার সম্মিলিত প্রচেষ্টা ও অনুপ্রেরণার প্রতিফলন। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে গবেষণা চালিয়ে যেতে অনুপ্রাণিত করছে। আমি বিশ্বাস করি, গবেষণায় সাফল্য অর্জনের জন্য একাগ্রতা, ধৈর্য, নিয়মিত অধ্যবসায় ও মানসম্মত কাজের কোনো বিকল্প নেই।
নিজের গবেষণার ক্ষেত্র সম্পর্কে অভিজিৎ ঘোষ বলেন, আমি ম্যাটেরিয়ালস সায়েন্স, সোলার সেল ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা করছি। ভবিষ্যতে পিএইচডি সম্পন্ন করে উচ্চতর গবেষণায় অবদান রাখা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গবেষণাক্ষেত্রকে তুলে ধরাই আমার লক্ষ্য। আমি বিশ্বাস করি, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের জন্য ইতিবাচক অবদান রাখা সম্ভব।
জিএ