ক্লারিয়ন কলের একাডেমিক অ্যাওয়ার্ড পেলেন পাঁচ শতাধিক শিক্ষার্থী

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০:১৭, ১০ অক্টোবর ২০২৬

ক্লারিয়ন কলের একাডেমিক অ্যাওয়ার্ড পেলেন পাঁচ শতাধিক শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পাঁচ শতাধিক শিক্ষার্থীকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে জনপ্রিয় ইংরেজি ম্যাগাজিন ক্লারিয়ন কল।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘৪র্থ ক্লারিয়ন কল ও-লেভেল ও এ-লেভেল একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, স্মারক, সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বশীল পিতামাতা সমাজের জন্য আশীর্বাদ। তাঁরা শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে ভালো বন্ধু। মানুষের বড় হয়ে ওঠার পেছনে সমাজের অনেক মানুষের অবদান থাকে। তাই ভবিষ্যৎ প্রজন্মকেও সমাজের জন্য অবদান রাখতে হবে।

তিনি আরও বলেন, জীবনে বড় হতে হলে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তব কাজের সঙ্গে জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে। নিজের পছন্দের কাজ করার পাশাপাশি সবার কল্যাণের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

যায়েদ রুসাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লারিয়ন কলের নির্বাহী সম্পাদক সাদ বিন হুসেইন। তিনি বলেন, মেধাবীদের সম্মাননা জানানো এবং জ্ঞানচর্চার পৃষ্ঠপোষকতা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্ম জ্ঞান, দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সাবেক ডিন ড. এ. কে. এম. ওয়ারেসুল করিম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার এ বি এম গোলাম মোস্তফা, এলডিএমসি, পিএসসি।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবক, ক্লারিয়ন কলের কর্মকর্তা ও বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির যৌথ স্পনসর ছিল রেটিনা, ইস্তাম্বুল হোটেল, এডুমেক্স কনসালটেন্সি, জেনজি ও সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট (এসএসডি)।

উল্লেখ্য ২০২৩ সাল থেকে ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়ে আসছে ক্লারিয়ন কল। ‘Share your views, change the world’ স্লোগানকে ধারণ করে ম্যাগাজিনটি কিশোর ও তরুণদের বিকাশ ও ক্ষমতায়নে কাজ করছে। ম্যাগাজিন প্রকাশনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো আয়োজনটির চতুর্থ পর্ব।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন