টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৯:৩২, ১ সেপ্টেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ চাকরি থেকে বরখাস্ত করেছে। সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ২০২৩ সালের ২৬ নভেম্বর ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
প্রাথমিক কারণ দর্শানোর নোটিশে জবাব না দেওয়া এবং ব্যক্তিগত শুনানি না চাওয়ার কারণে চাকরিচ্যুতির প্রাথমিক সিদ্ধান্ত বহাল রাখা হয়। পরবর্তীতে সরকারি কর্মকমিশন (পিএসসি) ও রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত বরখাস্ত কার্যকর করা হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের অভিযোগে উল্লেখ করা হয়েছে যে:
1. ২০১২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদানকালে পূর্বের চাকরিতে থাকা এবং অনুপস্থিতকাল অনুমোদন না করানো।
2. ২০২২ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত রেডিওলজিক্যাল সোসাইটির সম্মেলনে আমন্ত্রণপত্রের শর্ত পরিবর্তন ও মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে বিভ্রান্ত করার চেষ্টা।
3. ফৌজদারি মামলার তথ্য গোপন করে চার মাস আটদিনের ছুটির আবেদন করা।
4. কর্তৃপক্ষের কাছে তথ্য লুকিয়ে প্রায় ১০ বছর বেতন, ভাতা ও পদোন্নতি গ্রহণের অভিযোগ।
ডা. ফাতেমা দোজাকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ২০০৭ সালে জাতীয় হৃদরোগ হাসপাতালে রেডিওলজিস্ট পদে যোগদান করেন। ২০১২ সালে সহকারী অধ্যাপক হিসেবে ছয় মাসের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হন এবং পরে তথ্য গোপন করে পুনরায় পদোন্নতি নিয়ে হৃদরোগ ইনস্টিটিউটে যোগদান করেন। সরকারি চাকরি বিধি অনুযায়ী এ ধরনের পুনঃযোগদানের সুযোগ নেই।
আনিসুর রহমান