শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা দুর্বল: স্বাস্থ্য সচিব

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৯:০৪, ৬ অক্টোবর ২০২৫

শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা দুর্বল: স্বাস্থ্য সচিব

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেছেন, শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা এখনো বেশ দুর্বল অবস্থায় রয়েছে। তিনি বলেন, “আমরা আরবান এলাকায় (শহরে) স্বাস্থ্যসেবা যথাযথভাবে দিতে পারছি না। এখানে প্রাইমারি হেলথ কেয়ার অনেক দুর্বল। এ সমস্যা কাটিয়ে উঠতে আমরা গণপূর্ত বিভাগের কাছে কিছু জমি চেয়েছি এবং এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি।”

সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সদস্যদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ক্যাম্পের আয়োজন করে লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডস।

অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য পৃথক কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং সরকারি বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতার ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদানের দাবি জানান ডিআরইউ নেতারা।

সাংবাদিকদের দাবির জবাবে স্বাস্থ্য সচিব বলেন, “আপনারা বলেছেন, আমার ক্ষমতা অনেক। আমি ক্ষমতা মনে করি না—এটি দায়িত্ব। আমরা দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ। কিছু দাবি পূরণের বিষয় বিবেচনায় নেওয়া হবে। আপনারা নিবন্ধন করলে অনুদান প্রদানে সুবিধা হবে।”

তিনি আরও বলেন, “দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য একা সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই এনজিওগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তারা ইতিমধ্যে চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় এনজিওগুলোর সহায়তা আমরা পেয়েছি।”

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “ডিআরইউ-তে বর্তমানে দুই হাজারেরও বেশি সদস্য রয়েছেন। সদস্যদের বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণে সহায়তা করার জন্য লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসকে ধন্যবাদ জানাই।”

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “দীর্ঘ সময় কম্পিউটার, মোবাইল ও ক্যামেরার সামনে কাজ করায় সাংবাদিকদের চোখের সমস্যা ক্রমেই বাড়ছে। এই বিষয়টি বিবেচনায় নিয়েই বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, চাইল্ডহুড ক্যান্সার ও মানসিক স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমসহ ওষুধ ও চশমা বিতরণের ব্যবস্থা করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়ালের পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসের প্রেসিডেন্ট মো. রিয়াসাত ইসলাম, ডিআরইউ’র সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, সিনিয়র সদস্য সুকুমার সরকার এবং আসিফ শওকত কল্লোল।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিআরইউ নারী সম্পাদক রোজিনা রোজী, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান এবং নির্বাহী কমিটির সদস্য জুনায়েদ শিশির প্রমুখ।

/এআর

আরও পড়ুন