আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১২:৪১, ১৫ জুন ২০২৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ সোমবার (১৫ জুন) এ রিট আবেদন করেন।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, রিটটি ব্যক্তিগতভাবে দায়ের করা হয়েছে, এর সঙ্গে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই।

এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এক থেকে তিন দিন বয়সী ওই নবজাতকদের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ তুলে রমনা থানায় মামলা করেন এক শিশুর বাবা হাবিবুর রহমান।

ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষও নিজস্ব তদন্ত কমিটি গঠন করে।

প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জানায়, প্রতিবেদনটি প্রকাশ না করে সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত এবং লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে ঘিরে আলোচনা চলমান থাকলেও, এবার সেই সিদ্ধান্তের বৈধতা বিচারিক পর্যালোচনার জন্য হাইকোর্টের সামনে উপস্থাপিত হলো। রিটের ওপর আদালতের সিদ্ধান্তের দিকে এখন সংশ্লিষ্টদের নজর রয়েছে।

 

/এআর

আরও পড়ুন