বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ পেল এমা অ্যাওয়ার্ড

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৯:৩৩, ১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ পেল এমা অ্যাওয়ার্ড

নিশি ছবির পোষ্টার

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ প্রথমবারের মতো ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডে পুরস্কার অর্জন করেছে। স্টুডেন্ট ক্যাটেগরিতে এই সম্মানজনক পুরস্কার জিতে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে সিনেমাটি।

ছবিটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানী, সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জহিরুল ইসলাম। গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানায়, এই মনোনয়নের মধ্য দিয়ে ‘নিশি’ বিশ্বব্যাপী সেরা তিনটি স্টুডেন্ট চলচ্চিত্রের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

পুরস্কার প্রাপ্তি নিয়ে গোলাম রাব্বানী বলেন, “এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক গৌরবের মুহূর্ত। এমা অ্যাওয়ার্ডে ‘নিশি’র জয় আমার সিনেমা-যাত্রায় নতুন অনুপ্রেরণা যোগাবে। আমি সবসময় প্রকৃতি ও জীবনের গল্প বলতে চাই।”

চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স, এবং ইউনেস্কো ঢাকা অফিসের সহযোগিতায়।

‘নিশি’র গল্পে দেখা যায়—একজন চা শ্রমিকের কন্যা নিশির পড়াশোনা পানির সংকটের কারণে ব্যাহত হয়। বাড়িতে টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে এক কাঠ ব্যবসায়ী নাবালিকা নিশিকে বিয়ের প্রস্তাব দেয়। সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে সিলেটের চা-বাগান অঞ্চলে।

পরিচালক গোলাম রাব্বানী জানান, ছবিটি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হয়েছে এবং শিগগিরই বাংলাদেশের দর্শকদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

এর আগে তাঁর নির্মিত ‘ছুরত’ ও ‘আনটাং’ চলচ্চিত্র ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন লাভ করেছে।

/এআর

আরও পড়ুন