খাল খননের মাধ্যমে পানির সমস্যা সমাধান করব: প্রধানমন্ত্রী

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৮:০৬, ১৬ মার্চ ২০২৬

খাল খননের মাধ্যমে পানির সমস্যা সমাধান করব: প্রধানমন্ত্রী

তারেক রহমান। সংগৃহীত

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি বলেছেন, খাল খননের মাধ্যমে দেশের পানির সংকট মোকাবিলা করা সম্ভব হবে।

সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আনুষ্ঠানিকভাবে সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। একই সঙ্গে খালের দুই পাড়ে ফলদ ও মূল্যবান গাছ রোপণ করা হবে, যাতে পরিবেশ রক্ষা ও দেশের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, বর্ষা মৌসুমে উজান থেকে হঠাৎ পানি নেমে এলে নদী ও খাল ভরাট থাকার কারণে তা দ্রুত প্রবাহিত হতে পারে না। ফলে আশপাশের বাড়িঘর, গবাদিপশু ও সম্পদের ক্ষতি হয়। খাল খননের মাধ্যমে অতিরিক্ত পানি ধরে রেখে এসব ঝুঁকি কমানো সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সংরক্ষিত পানি শুষ্ক মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে কাজে লাগানো যাবে। এতে কৃষি উৎপাদনও বাড়বে। তিনি উল্লেখ করেন, বিপুল জনসংখ্যার দেশে খাদ্যের চাহিদা মেটাতে দেশেই বেশি উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। সঠিকভাবে পানি ব্যবস্থাপনা করা গেলে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব। তাই প্রাকৃতিক পানিসম্পদকে কাজে লাগাতে খাল খনন ও সংরক্ষণ জরুরি।

সরকারপ্রধান আরও বলেন, বর্তমানে শুষ্ক মৌসুমে নদী ও খালে পানি কম থাকায় গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তুলতে হচ্ছে, যার ফলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে মাটির ওপরের পানি সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো প্রয়োজন।

/এআর

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন