এইচএসসির ফল আজ, জানবেন যেভাবে

টিএনএন ডেস্ক

প্রকাশ: ০৯:২৩, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল আজ, জানবেন যেভাবে

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বসা পৌনে ১৩ লাখ শিক্ষার্থীর ফলাফলের অপেক্ষার অবসান ঘটছে।

এদিন বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

চলতি বছর ২ জুলাই দেশজুড়ে ২ হাজার ৬৯৭ কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী।

অন্তর্বর্তী সরকারের সময়ে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

যেভাবে ফল জানা যাবে

প্রতিবারের মত এবারও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

বোর্ডগুলোর প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।

প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইএন দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে।

পরীক্ষার্থীরা যেকোনো মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়েও ফলাফল দেখতে পারবেন।

এর জন্য HSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের তিন অক্ষরের নাম, স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। এরপর ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

যেমন- HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে ১ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এর জন্য https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘বোর্ড ড্রপ ডাউন’ থেকে বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। যুক্ত করতে হবে ফোন নম্বর, যাতে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে পুনর্নিরীক্ষণের ফল।

পরীক্ষার্থীরা এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দুই পত্র রয়েছে এমন বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্যই আলাদাভাবে আবেদন করতে হবে।

ফি প্রদানের ক্ষেত্রে বিকাশ, নগদ, ডিবিবিএল, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে সম্পন্ন করতে হবে।

অকৃতকার্যদের কী হবে

চলতি বছর যারা উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হবেন, তাদের ফল প্রকাশের ২ মাসের মধ্যেই আবার পরীক্ষায় বসার সুযোগ রয়েছে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল ফল প্রকাশের পর জানানো হবে। সেখানেই পরীক্ষার্থীরা জানতে পারবেন কীভাবে সেটি করতে পারবে।

জিএ

আরও পড়ুন