টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৪:৫৯, ২২ মে ২০২৬
সিলেটে দেড় বছরের এক কন্যাশিশুকে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম মায়মুনা জান্নাত তোহা। শুক্রবার (২২ মে) ভোরে জালালাবাদ থানা এলাকার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তোহা ওই এলাকার আমির আলী ও সুবিনা জান্নাত দম্পতির ছোট মেয়ে। ঘটনার পর শিশুটির মা সুবিনা জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে আমির আলী ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে স্থানীয় মসজিদে যান। যাওয়ার আগে তিনি স্ত্রী সুবিনাকে নামাজের জন্য ডাকেন। পরে তিনি মসজিদে গেলে ঘরের ভেতরে দেড় বছরের শিশু তোহার হাত-পা বেঁধে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ সময় পরিবারের আরেক শিশুকেও হত্যার চেষ্টা করা হলে সে দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়দের দাবি, সুবিনা জান্নাত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলামসহ জালালাবাদ থানার কর্মকর্তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিন সন্তানের মধ্যে মায়মুনা জান্নাত তোহা ছিল সবার ছোট। প্রাথমিকভাবে জানা গেছে, ফজরের নামাজের সময় তার বাবা বাড়ির বাইরে থাকাকালে শিশুটিকে হত্যা করা হয়।
তিনি আরও জানান, শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আটক মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।