ভ্যানযাত্রা হয়ে উঠেছিলো মিঠুর মৃত্যুর ফাঁদ, ধরা পড়ল খুনি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২০:১৩, ১৪ এপ্রিল ২০২৬

ভ্যানযাত্রা হয়ে উঠেছিলো মিঠুর মৃত্যুর ফাঁদ, ধরা পড়ল খুনি

পুলিশ হেফাজতে খুনি। টিএনএন

নওগাঁর বদলগাছিতে ভ্যানচালক মিঠু হোসেন (৪৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন আসামি মো. রিফাত হোসেনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় লাশটির পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, নিহত ব্যক্তি বৈকণ্ঠপুর গ্রামের বাসিন্দা মিঠু হোসেন। তার দেহে ঘাড়, পিঠ ও ডান কাঁধের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল, যা থেকে ধারণা করা হয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছি থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, গোপন সংবাদের ভিত্তি এবং স্থানীয় সূত্রের সহায়তায় পুলিশ জানতে পারে, ঘটনার পর অভিযুক্ত রিফাত পালিয়ে ঢাকায় আত্মগোপন করেছে। পরবর্তীতে আশুলিয়া থানার সহযোগিতায় নওগাঁ জেলা পুলিশের একটি বিশেষ দল ১৪ এপ্রিল ভোরে আশুলিয়ার কুড়গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত স্বীকার করে যে, ঘটনার রাতে সে ও মিঠু একই ভ্যানে করে যাচ্ছিল। মিঠু ভ্যান চালাচ্ছিল এবং রিফাত পেছনে বসা ছিল। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পর সে বদলগাছি থেকে নওগাঁ হয়ে রাজশাহী এবং পরে ঢাকায় গিয়ে আত্মগোপন করে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। তিনি জানান, নওগাঁ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে সবসময় তৎপর রয়েছে।

 

/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন