কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ: দগ্ধ ১০, পুড়েছে ৩০ গাড়ি ও বসতবাড়ি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ: দগ্ধ ১০, পুড়েছে ৩০ গাড়ি ও বসতবাড়ি

কক্সবাজারে গ্যাসপাম্পে আগুন। টিএনএন

কক্সবাজারে এলপিজি গ্যাসপাম্পে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতের এই দুর্ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে পাম্প সংলগ্ন একটি গ্যারেজের ৩০টিরও বেশি গাড়ি এবং পাশের আদর্শগ্রামের বেশ কিছু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার রাতে কক্সবাজারের কলাতলি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কলাতলীর হোটেল-মোটেল জোনের পূর্ব দিকে নবনির্মিত ‘এন আলম এলপিজি গ্যাসপাম্পে’ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় পাম্পের কর্মচারীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে পাম্পের প্রধান ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

তারা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, পাশের একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অন্তত ৩০টি প্রাইভেট কার ও মাইক্রোবাস পুরোপুরি পুড়ে যায়। এছাড়া আদর্শগ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের অন্তত ৯টি ইউনিট যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, দগ্ধ ১০ জনকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান অভিযোগ করেন, পাম্পটি মাত্র কয়েক দিন আগে চালু হয়েছিল। সন্ধ্যার প্রাথমিক আগুন নেভানোর পর পুনরায় বিস্ফোরণ ঘটার পেছনে নাশকতার উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

বর্তমানে ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে।

/এআর

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন