টিএনএন ডেস্ক
প্রকাশ: ০৮:৪৬, ১৫ জুলাই ২০২৬
ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ দল। বিশ্বকাপে না খেললেও আলোচনায় ঠিকই আছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্কালোনি। দিতে চান উপহার।
আধ ঘণ্টা সংবাদ সম্মেলনের একেবারে শেষ প্রশ্ন করার সুযোগ পান এক বাংলাদেশি সাংবাদিক। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থন নিয়ে তিনি স্কালোনির কাছে জানতে চান।
স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরও একটা আনন্দ দিতে পারলে আমরা খুশি হবো।
আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি ফুটানো হয়। আলবিসেলেস্তের জার্সিতে ভরে গেছে বাংলাদেশের শহর-গ্রাম।
এই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বারবার উঠে এসেছে।
আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয়ী দল ফাইনাল খেলবে স্পেনের বিপক্ষে।
জিএ