টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৪:১৭, ১৯ মে ২০২৬
তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। একইসঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সব সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে সহজ, দ্রুত ও কার্যকর করা হচ্ছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গঠনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। জনগণকে সেবা দেওয়া সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, সময়ের সঙ্গে জমির মালিকানা ও শরিকানা বেড়েছে। ফলে ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও হালনাগাদ রাখার দায়িত্বও বেড়েছে। মালিকানা, খাজনা, খতিয়ান, নামজারি, জমা-খারিজসহ বিভিন্ন সেবা নিতে একসময় মানুষকে ভূমি অফিসে ঘুরতে হতো। তবে প্রযুক্তির উন্নয়নের ফলে এখন ভূমি ব্যবস্থাপনাও আধুনিক হচ্ছে।
ভূমি ব্যবস্থাপনা যত বেশি প্রযুক্তিনির্ভর হবে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিও তত সহজ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনলাইনভিত্তিক সেবা চালুর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে।
তিনি বলেন, দেশের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মাথাপিছু জমির পরিমাণ কমে আসছে। এতে জমির অর্থনৈতিক মূল্য যেমন বেড়েছে, তেমনি জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমাও বৃদ্ধি পেয়েছে। এ বাস্তবতায় নির্ভুল রেকর্ড সংরক্ষণ ও দক্ষ ভূমি ব্যবস্থাপনা সময়ের দাবি হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে সেবা নিতে মানুষকে অযথা অফিসে ঘুরতে হবে না এবং দুর্নীতি বা হয়রানির শিকার হতে হবে না।
তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারেও ভূমি ব্যবস্থাপনাকে সহজ ও আধুনিক করার প্রতিশ্রুতি ছিল। আজ থেকে সারাদেশে শুরু হওয়া তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার মাধ্যমে সেই প্রতিশ্রুতির আরেকটি বাস্তবায়ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতি করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কাজ করছে সরকার।
তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন আদালতে ৪৭ লাখের বেশি দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, যার বড় অংশই জমিজমা সংক্রান্ত। তাই এসব বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা (এডিআর) ও গ্রাম আদালতের মতো আইনানুগ ব্যবস্থার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
আলবার্ট আইনস্টাইনের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শক্তি দিয়ে শান্তি রক্ষা করা যায় না, বোঝাপড়ার মাধ্যমেই তা অর্জন সম্ভব।” জমিজমা সংক্রান্ত বিরোধ সমঝোতা, মধ্যস্থতা ও সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা গেলে আদালতের মামলার জটও কমবে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জমি শুধু সম্পদ নয়, এটি মানুষের নিরাপত্তা, জীবিকা ও ভবিষ্যতের ভিত্তি। তাই ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করতে সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে।
তিনি আরও বলেন, সারাদেশের জেলা ও উপজেলায় শুরু হওয়া ভূমি মেলার মাধ্যমে জনগণ ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিসহ নানা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
/এআর