টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৭:৫৩, ১১ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “যে অপরাধ করবে, তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আইনের প্রয়োগ সবার জন্য সমান।”
সোমবার সকালে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এর শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও সন্ত্রাস দমনে কাজ করতে গিয়ে পুলিশকে অনেক সময় রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের মুখোমুখি হতে হয়। তবে এসব বিবেচনায় না নিয়ে রাষ্ট্র ও জনগণের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকার দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে কোনো আপস করতে চায় না। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমানে প্রযুক্তিনির্ভর অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসনের কার্যক্রমের পরিধিও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন অপরাধ শুধু শহর বা জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, “ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম” বৈশ্বিক বাস্তবতায় পরিণত হয়েছে। এ কারণে প্রতিটি পুলিশ কর্মকর্তাকে বহুমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু পদোন্নতি বা পছন্দের স্থানে পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করা উচিত নয়। প্রশাসনের যেকোনো পদে দায়িত্বশীলতা ও পেশাদার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
ক্ষমতা ও পদ চিরস্থায়ী নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার পাঁচ বছরের জন্য এবং প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়। তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এই সময়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।
পুলিশ বাহিনীর কল্যাণে সরকার কাজ চালিয়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতাকেই প্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের মূলনীতি হিসেবে গুরুত্ব দেওয়া হবে।
/এআর