টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৪:২৩, ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদ। সংগৃহীত
‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিষয়ে আজ জাতীয় সংসদে আলোচনা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন।
গত রবিবার উত্থাপিত ওই প্রস্তাবের পর অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল সিদ্ধান্ত দেন, পরবর্তী অধিবেশনে এ বিষয়ে দুই ঘণ্টা আলোচনা হবে। সে অনুযায়ী আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনে বিষয়টি আলোচনায় উঠবে।
সংসদের বিধি-৬২ এর আওতায় জন-গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ঢাকা-১৫ আসনের সদস্য মো. শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে আলোচনা উত্থাপন করবেন। ‘জুলাই জাতীয় সনদ’-এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী এ পরিষদের অধিবেশন ডাকার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
এদিকে, আজকের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন উত্থাপন ও উত্তর দেওয়া হবে।
এছাড়া বিধি-৭১ এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আনা নোটিশগুলো নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন, নোয়াখালীর হাতিয়াকে মেঘনার ভাঙন থেকে রক্ষা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপনের বিষয়ও রয়েছে।
/এআর