টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৪:৫১, ২৪ মার্চ ২০২৬
তারেক রহমান। সংগৃহীত
উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঋণ মূলত ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি দেখানোর ক্ষেত্রে সহায়ক হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এই ঋণ কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাওয়া শিক্ষার্থীদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংককে একটি নির্দিষ্ট (ডেডিকেটেড) ব্যাংক হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পায়।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের শ্রমবাজারের একটি বড় অংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল। যুদ্ধের ফলে কিছু চ্যালেঞ্জ তৈরি হলেও ভবিষ্যতে নতুন সুযোগও সৃষ্টি হতে পারে। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে শ্রমের চাহিদা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রেই ভাষা না জানার কারণে বাংলাদেশি শ্রমিকরা কম বেতনে কাজ করতে বাধ্য হন। তাই তৃতীয় ভাষা শেখার মাধ্যমে দক্ষতা বাড়াতে পারলে ভালো বেতনের সুযোগ তৈরি হবে।
/এআর