টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৫:২৫, ৬ জানুয়ারি ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার জন্য আইনি দায়মুক্তি নিশ্চিত করতে নতুন অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইন মন্ত্রণালয়কে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশের খসড়া প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে নেওয়া সব ধরনের আইনি পদক্ষেপ থেকে সুরক্ষা দেওয়া হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর যেভাবে বীর মুক্তিযোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল, একই নীতিতে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলা আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবীদের দায়মুক্তি দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া আল্টিমেটামের প্রেক্ষাপটেই সরকার এ সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়েছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করা হয়েছে এবং বুধবার আদালতে চার্জশিট দাখিল করা হবে। এ ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
আইনশৃঙ্খলা-সংক্রান্ত এই বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার, পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখা এবং মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।