গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২২:৪৯, ১২ মে ২০২৬
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) পরিবেশ সচেতনতা এবং স্মার্ট নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দিনব্যাপী 'ইন্টারন্যাশনাল ইকো লিডারশিপ সামিট-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) শিশুউল্লাশ স্টার্টআপ, শিশুউল্লাশ গ্রিন কারিকুলাম মিনিস্ট্রি, শিশুউল্লাশ রিসার্চ অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুলের যৌথ আয়োজনে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে গোবিপ্রবি ক্যাম্পাসে এই সেমিনারটি আয়োজিত হয়। স্থানীয় ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন 'গোবিপ্রবি রেডিও' (GSTU Radio)।
পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশুউল্লাশ ইন্টারন্যাশনাল ইয়ুথ প্ল্যাটফর্মের ফাউন্ডার ডিরেক্টর ও সিওও এম.এ মোহাম্মদ ইয়ামিন, ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুলের ন্যাশনাল হেড ট্রেইনার মেহজাবিন হেলেন এবং থান্ডারবোল্ট কোম্পানির ফাউন্ডার ও সিইও মুয়াম্মার মুবারক অনিক।
সেমিনারে জলবায়ু পরিবর্তন, এর প্রভাব ও প্রয়োজনীয় প্রতিকারমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি পরিবেশবান্ধব 'ইমপ্যাক্ট বিজনেস আইডিয়া' জেনারেশন এবং স্মার্ট কর্পোরেট লিডারশিপের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্পোরেট ও ব্যবসায়িক ক্যারিয়ারে আগ্রহী শিক্ষার্থীরা এই সামিটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মূল আলোচনার পাশাপাশি ছিল গ্রুপ প্যানেল ডিসকাশন, প্রবলেম সলভিং এবং প্রেজেন্টেশন কম্পিটিশন। দিনব্যাপী এই আয়োজনটি কেবল তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং অংশগ্রহণকারীদের জন্য ছিল উন্মুক্ত আলোচনার সুযোগ। সন্ধ্যার অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জিএ