টিএনএন ডেস্ক
প্রকাশ: ২০:২২, ২১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত করা হয়েছে। এতে গঠনের তিন মাস পূর্ণ হওয়ার পূর্বেই স্থগিত করা হলো কমিটি।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর জরুরি সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্র হতে জানা যায়, চলতি বছরের ২৭ জুলাই চবি শাখা ছাত্রশক্তির ৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। উক্ত কমিটিতে আব্দুল্লাহ আল মাহাথিরকে সভাপতি, মো. ইসমাইলকে সাধারণ সম্পাদক ও মো. উলফাতুল রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। তবে কমিটি ঘোষণা পর থেকেই সভাপতি আব্দুল্লাহ আল মাহাথির নিষ্ক্রিয় ছিলেন। সংগঠনটির ব্যানারে উল্লেখযোগ্য কোনো কর্মসূচিও হয়নি। এ নিয়ে সংগঠনটির অন্য নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।
এ অসন্তোষের মধ্যেই গতকাল রাতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে সভা করে চবি শাখা কমিটি। এ বৈঠকে আব্দুল্লাহ আল মাহাথিরকে নিয়ে অভিযোগ জানানো হয়। পরে কমিটি স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি। এ সভায় দ্রুত কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা যায়।
জানতে চাইলে স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, চবি শাখার সভাপতি ব্যক্তিগত কারণে সময় দিতে না পারায় নেতাকর্মীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে কমিটি স্থগিত করে খুব দ্রুত সময়ের মধ্যে কমিটি আহ্বান করবে বলে জানানো হয়।
শাখা জাতীয় ছাত্রশক্তির স্থগিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাহাথির বলেন, আমি ব্যক্তিগতভাবে ক্যারিয়ার নিয়ে ভাবছি। আমার ছাত্রজীবনও প্রায় শেষের দিকে, মাস্টার্স শেষ করছি। ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছি। এজন্য সংগঠনকে নিয়মিত সময় দিতে পারছি না। এতে আমার ইউনিট ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি নিজেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবছি। বিষয়টি গুরুতর কিছু নয়।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর ভূমিকা রাখতে পারছিল না। এ ছাড়া কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে। এসব বিবেচনায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে গতকাল রাতে জরুরি সাংগঠনিক সভায় কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়। সভায় ৫২ সদস্যের কমিটির ৩০ জনের বেশি উপস্থিত ছিলেন।
তাহমীদ আল মুদ্দাসসীর বলেন, স্থগিত কমিটির সভাপতি নিষ্ক্রিয়—এমন অভিযোগ রয়েছে। তবে শুধু একটি নির্দিষ্ট কারণে কমিটি স্থগিত করা হয়নি। পুরো কমিটির কার্যক্রমে গতি আনা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ছাত্রসংগঠনের তুলনায় জাতীয় ছাত্রশক্তিকে আরও সক্রিয় ও গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য।
জিএ