টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৫:৪৮, ২ জানুয়ারি ২০২৬
মনোনয়ন পত্র বাতিল হওয়া তিন প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে প্রয়োজনীয় নথি না থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, মনোনয়নপত্র যাচাইয়ের সময় বিএনপির সাবেক উপজেলা আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর দলীয় প্রার্থী না থাকার কারণে মনোনয়ন বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আশরাফ সিদ্দিকীর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর মিথ্যা প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। একই সঙ্গে জাতীয় পার্টির পক্ষে মনোনয়নপত্র দাখিল করা এরশাদ উল্লার তথ্যগত ঘাটতি থাকার কারণে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া তিন প্রার্থী আগামী চার কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত এডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ও জাসদ (আসম আ. রব) মনোনীত একেএম আবু ইউসুফ।
/এআর