টিএনএন রিপোর্ট
প্রকাশ: ০৭:২১, ৩১ জুলাই ২০২৫
ড. মির্জা গালিব। ছবি: সংগৃহীত
জুলাইয়ের ঘোষণাপত্র এখন সময়ের দাবি এবং এ দাবি আদায়ে সকল রাজনৈতিক দলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
বুধবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউনন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
ড. মির্জা গালিব বলেন, জুলাই ছিল একটা গণঅভ্যুত্থান, যার মধ্যে আগামী দিনের বিপ্লবের স্পষ্ট সম্ভাবনা আছে। বৈদেশিক আগ্রাসন, ফ্যাসিবাদ আর বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষ থেকে বাংলাদেশকে রিক্লেইম করার আন্দোলন ছিল জুলাই।
তিনি বলেন, আমরা যদি জুলাইকে বাংলাদেশ ২.০-এর সূচনা হিসেবে দেখতে চাই, তাইলে আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে। জুলাইয়ের ঘোষণাপত্র আর সনদ ছাড়া সব অর্জনই আবার পিছিয়ে পড়বে। একটু একটু করে ফিরে আসবে পুরাতন ফ্যাসিবাদ, খুন, গুম আর দুর্নীতি।

গণঅভ্যুত্থানের এক বছর পরও জুলাইয়ের ঘোষণাপত্র না হওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, অথচ, কী আজব এক অন্তর্বর্তী সরকার আমাদের! নিজেরা জুলাইয়ের মধ্য দিয়ে এসেছে, অথচ তাদের বারবার মনে করিয়ে দিতে হচ্ছে জুলাই ঘোষণাপত্রের কথা!
সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র এখন সময়ের দাবি। এই দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে— বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজত, এনসিপি, এবিপার্টি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ—সবাইকে।
এআর