জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৫:৫৬, ১১ জুন ২০২৬

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

জাতির সামগ্রিক প্রত্যাশা, কল্যাণ এবং উন্নয়নকে সামনে রেখেই এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) দেশের অর্থনীতির আগামী এক বছরের রূপরেখা তুলে ধরতে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিকে অগ্রাধিকার দিয়েই বাজেটের প্রতিটি দিক নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপটও ভিন্ন, কারণ দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপন করা হচ্ছে। ফলে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও তুলনামূলকভাবে বেশি।

তিনি আরও বলেন, সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা এবং ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে। তবে সীমিত সামর্থ্যের মধ্যেই বাস্তবসম্মত বাজেট তৈরি করতে হয়েছে।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, একটি ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের প্রচেষ্টাই এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সব নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করা। উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরির লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এর বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা করা হবে।

 

/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন