জাতীয় বাজেট

শিক্ষা খাতে রেকর্ড বরাদ্দ, শিক্ষক বেতন-ভাতা বৃদ্ধিতে নেই ঘোষণা

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১২:৩২, ১১ জুন ২০২৬

শিক্ষা খাতে রেকর্ড বরাদ্দ, শিক্ষক বেতন-ভাতা বৃদ্ধিতে নেই ঘোষণা

দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে শিক্ষা খাতে রেকর্ড ১ লাখ ৩৫ হাজার ৬৪৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। তবে এই বিপুল বরাদ্দের মধ্যেও শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি বা নতুন কোনো আর্থিক সুবিধার ঘোষণা নেই।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট হিসেবে উপস্থাপিত হতে যাওয়া এ বাজেটে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা সংস্কার, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও শিক্ষকদের দীর্ঘদিনের বেতন-ভাতা বৃদ্ধির প্রত্যাশা পূরণ হয়নি।

প্রস্তাবিত বাজেটে সদ্য জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বকেয়া পাওনা পরিশোধে ৪৯০ কোটি টাকা এবং নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সহায়তায় ২৫০ কোটি টাকার বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ এবং স্মার্ট ক্লাসরুম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বুলিং প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা এবং জাতীয় শিক্ষা টিভি চ্যানেল চালুর পরিকল্পনাও রয়েছে।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় উপবৃত্তির জন্য ২ হাজার ৮৩৩ কোটি টাকা এবং সাধারণ ও মেধাবৃত্তির জন্য অতিরিক্ত ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণে ১ হাজার ৩০০ কোটি টাকা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে ২ হাজার ৪৭৮ কোটি টাকা এবং মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রকল্পে ১ হাজার ৫৪২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া শিক্ষা সংস্কার ও কারিকুলাম উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা এবং জেলা পর্যায়ের সরকারি বিদ্যালয়গুলোকে আধুনিক স্টেমভিত্তিক মডেল স্কুলে রূপান্তরের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ ছিল ৯৭ হাজার ৮০৫ কোটি টাকা। এবার তা বেড়ে ১ লাখ ৩৫ হাজার ৬৪৬ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ সমপরিমাণ এই বরাদ্দ শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকারকে তুলে ধরেছে।

তবে রেকর্ড পরিমাণ বরাদ্দ সত্ত্বেও শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি বা নতুন কোনো আর্থিক সুবিধার জন্য পৃথক বরাদ্দ না থাকায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে এবারের শিক্ষা বাজেটের মূল গুরুত্ব থাকছে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর।

 

/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন