টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৩:৫০, ২০ মার্চ ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে এবং পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও নাগরিককে ফেরানো হবে।
শুক্রবার (২০ জুন) সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তা গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধে পাঁচজন বাংলাদেশিকে হারাতে হয়েছে এবং সরকার তাদের পরিবারের পাশে রয়েছে। তিনি জানান, সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশি মিশনগুলো প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত এ সংকটের সমাধান হবে।
এদিকে, ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে আজারবাইজান হয়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। অন্য দেশগুলো থেকেও বাংলাদেশিদের ফেরানো হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যারা দেশে ফিরতে চান, তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রস্তুত রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার প্রবাসীদের পাশে রয়েছে। নিহত মোশারফ হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার দুই সন্তানের শিক্ষার দায়িত্ব নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশে ফিরে আসা প্রবাসীদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রয়োজনে পুনরায় বিদেশে যাওয়ার ক্ষেত্রেও সরকার সহায়তা করবে এবং ভিসার মেয়াদ বাড়ানোর মতো বিষয়েও সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্ত্রী জানান, সংঘাতে নিহতদের মরদেহ দেশে আনার ব্যয় সরকার বহন করছে। পাশাপাশি নিহতদের পরিবারকে সাড়ে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। যেসব প্রবাসীর বিএমইটি কার্ড রয়েছে, তারা অতিরিক্ত ১০ লাখ টাকা পাবেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ হোসেন নিহত হন। ইফতারের আগে চালানো ওই হামলায় তারসহ আরও দুইজন প্রাণ হারান। শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মোশারফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা এবং মো. সুরজত আলীর ছেলে।
/এআর