প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

এই নির্বাচন আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২২:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

এই নির্বাচন আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

প্রধান উপদেষ্টা। টিএনএন

জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৮ মাসের দায়িত্ব শেষে এখন তাঁর বিদায়ের সময়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত ভাষণে তিনি জানান, দেশের দায়িত্বভার গ্রহণের পর প্রথম ও প্রধান চ্যালেঞ্জ ছিল রাষ্ট্রযন্ত্রকে সচল করা।

তিনি বলেন, দীর্ঘদিন যারা রাষ্ট্রীয় কাঠামো নিয়ন্ত্রণ করেছে এবং দেশকে লুটেপুটে খেয়েছে, তারাই প্রশাসনিক যন্ত্র পরিচালনা করত। অভ্যুত্থানের পর তাদের ঘনিষ্ঠ অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সরে গেছে, মাঝারি পর্যায়ের অনেকেই পালিয়েছে, আর অনেকে অবস্থান বদলেছে বা আত্মগোপনে গেছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনা ছিল অত্যন্ত কঠিন কাজ।

প্রধান উপদেষ্টা বলেন, এর মধ্যেই গণভোট সম্পন্ন হয়েছে এবং নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ভোটের দিন সারা দেশে ছিল উৎসবমুখর পরিবেশ, অনেকটা ঈদের আবহের মতো। তিনি বলেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি পরাজিতদেরও শুভেচ্ছা জানান। তাঁর ভাষায়, হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য। যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক সমর্থন পেয়েছেন। আবার যারা জয়ী হতে পারেননি, তারাও প্রায় অর্ধেক ভোটারদের আস্থা অর্জন করেছেন। বিষয়টি তাঁদের জন্য আশা ও দায়িত্ববোধের জায়গা তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।

ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, শিগগিরই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়েই গত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন