টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৬:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ইসি সচিব। সংগৃহীত
ভোটের সময় বৈধভাবে আয়ের উৎস ও ব্যয়ের খাত দেখানো গেলে অর্থ বহনে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রয়োজন হলে ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও আইনগত সমস্যা হবে না।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় নগদ অর্থ পরিবহনের সীমা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব জানান, কেউ ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে অর্থ বহন করলে এবং সেই অর্থের বৈধ উৎস প্রমাণ করতে পারলে সেখানে কমিশনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট অঙ্ক বেঁধে দেওয়া নেই। অর্থের পরিমাণ বড় হলেই তা অবৈধ হবে, এমন কোনো বিধান নেই।
তবে তিনি স্পষ্ট করেন, সেই অর্থ যদি ভোটারকে প্রভাবিত করা বা নির্বাচনী অনিয়মে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ তদন্ত করবে। আর অর্থের উৎস অবৈধ প্রমাণিত হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে আটক করে পুলিশ। এ ঘটনার প্রেক্ষিতে ভোটের সময় অর্থ বহনের বিধি-নিষেধ নিয়ে প্রশ্ন ওঠে।
/এআর