নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই: পুলিশ মহাপরিদর্শক

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৫:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই: পুলিশ মহাপরিদর্শক

পুলিশের সংবাদ সম্মেলন। সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলার তীব্র আশঙ্কা করছেন না, তবে তা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে কোনো ধরনের হুমকি নেই।

আইজিপি বলেন, ‘আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কা নেই, যদি কেরানীগঞ্জের ঘটনা না ঘটে। তবে আমরা কোনো ঝুঁকি উপেক্ষা করছি না। হামলার সম্ভাবনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই সময়ে আইজিপি আরও জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে, যেখানে ৫ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত ২৭ হাজার ৯৫০টি বৈধ অস্ত্র জমা পড়েছে।

আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইলেকশনকে বাধাগ্রস্ত করতে পারবে না। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্সও থাকবে।

পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্বের বিষয়ে তিনি বলেন, গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশদের এবার নির্বাচনী কাজে সরাসরি যুক্ত করা হয়নি। পুলিশ এই নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং তার হারানো ইমেজ পুনরুদ্ধার করবে। বড় ধরনের সহিংসতা মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ সক্ষম।

আইজিপি জানান, এবার নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া আনসার সদস্য, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব মিলিয়ে মোট প্রায় ৬ লাখ জন নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, এবার নিরাপত্তার জন্য প্রযুক্তি ব্যবহারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার হবে এবং পুলিশ সুপাররা ড্রোনের মাধ্যমে নজরদারি করবেন।

/এআর

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন