টিএনএন ডেস্ক
প্রকাশ: ১২:২৯, ১৮ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাবা। তিনি বলেন, ভারত থেকে এনে শেখ হাসিনার দ্রুত বাংলার মাটিতে ফাঁসি কার্যকর করলেই আমি খুশি হবো।
সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার খবরে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমার জীবদ্দশায় এ রায়ের বাস্তবায়ন দেখতে চাই।
শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, আমার ছেলেকে আর ফিরে পাবো না। কিন্তু তাকে নিষ্ঠুরভাবে হত্যা করার হুকুমদাতা শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। এখন চাই, এ রায় দ্রুত বাস্তবায়ন হোক।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ সাজা কমিয়ে ৫ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জিএ