জাবিতে ভিপি-এজিএসসহ সিনিয়রদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের লিখিত অভিযোগ

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৬:৪৯, ১ অক্টোবর ২০২৫

জাবিতে ভিপি-এজিএসসহ সিনিয়রদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের লিখিত অভিযোগ

অভিযুক্ত প্রমা সাহা ও ঐশী সরকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত রায় র‌্যাগিং ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, গত ২৭ আগস্ট দুপুরে চূড়ান্ত পরীক্ষা চলাকালে ৫১ ব্যাচের শিক্ষার্থী নোমান ও আরিয়ান প্রান্ত ও তার সহপাঠীদের জোরপূর্বক গ্যালারিতে নিয়ে যান। সেখানে ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও ফজিলতুন্নেছা হল সংসদের সহ-সভাপতি (ভিপি) ঐশী সরকার অথি প্রান্তের চেহারা নিয়ে কটূক্তি করেন। অন্যদিকে ৫১ ব্যাচের শিক্ষার্থী সিজান লাথি মেরে বিভাগ থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এ সময় নোমানও পরীক্ষার হল থেকে সবাইকে বের হয়ে যেতে বলেন। এতে পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং ভুক্তভোগী শিক্ষার্থী স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে প্রান্তসহ কয়েকজন শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে চাপে পড়েছেন। তিনি বলেন, “এ ধরনের ঘটনা আমাদের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং বিভাগে কঠোর অ্যান্টি-র‌্যাগিং নীতি কার্যকর করা জরুরি।”

অভিযুক্ত ঐশী সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযোগপত্রে আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এটি কোনো র‌্যাগিং বা বডিশেমিং নয়। সেদিন ৪৯ থেকে ৫১ ব্যাচের পঞ্চাশেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল, অথচ অভিযোগে কেবল কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।”

অন্যদিকে অভিযুক্ত  ফজিলতুন্নেছা হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রমা সাহা বলেন, “আমরা বিভাগ বরাবর দুঃখ প্রকাশ করেছি। প্রান্তের অভিযোগে আমার নাম যেভাবে এসেছে, পরে বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। এখন তদন্ত কমিটি বিষয়টি দেখছে।”

চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা জানান, শুরুতে বিষয়টি বিভাগীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত আবেদন করার পর আবারো তারা বিভাগীয় মীমাংসার আবেদন করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “র‌্যাগিংয়ের মতো ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র‌্যাগিং নীতিমালা অনুযায়ী তদন্ত করা হবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

/আনিসুর রহমান

 

আরও পড়ুন