জবি প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৬, ২৫ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত
সরকার তাদের ব্যর্থতা ঢাকতে একের পর এক ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে তুলেছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম।
আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, বর্তমান সময়ে যখন তেলের জন্য মানুষের জীবন বিপর্যস্ত, বিদ্যুতের জন্য দেশের মানুষের হাহাকার, গ্যাসের অভাবে উৎপাদন কারখানাগুলো বন্ধ, হাজার কোটি টাকা ঋণ করে যখন ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়ার পথে, ঠিক তখনই সরকার তাদের সব ব্যর্থতা গুছাতে ক্যাম্পাসগুলোকে নেড়ী কুকুরের মতো অস্থিতিশীল করতে ছাত্রদল নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, সরকার যদি তাদের কৃত অঙ্গীকার ভুলে যায়, জুলাই বিপ্লবের কথা এবং জুলাই বিপ্লবীদের অবদান ভুলে যায়, তাহলে এদেশে আবারও জুলাই বসন্ত নেমে আসবে। মানুষের ডাকে হাজার হাজার তরুণ জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে আসবে, তখন পালানোর পথ খুঁজে পাবেন না।
এসময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, আমরা আপনাদেরকে সুন্দর এবং সাবলীলভাবে দেশ চালিয়ে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানাই।
জিএ