জবি প্রতিনিধি
প্রকাশ: ২২:১১, ১৮ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জব) শিক্ষক ও কর্মচারী হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
বুধবার (১৮ মার্চ) জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আসার সময় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও তার নেতাকর্মীরা গণিত বিভাগের অধ্যাপক আবু হানিফ এবং তার এক সহকর্মীর পথরোধ করেন।
এ সময় তারা শিক্ষকদের সঙ্গে অশোভন ও অবমাননাকর আচরণ করেন এবং তাদের ‘বহিরাগত’ ও ‘গুপ্ত’ কিনা তা জানতে চান। একপর্যায়ে তাদের ধাক্কা দেওয়া হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। অধ্যাপক আবু হানিফের সহকর্মীর মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে তল্লাশি চালানোর ঘটনাও ঘটে, যা জকসুর ভাষায় “অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক”।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর এলাকায় কর্মচারী নিজামকেও মারধরের অভিযোগ ওঠে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জ্ঞানচর্চা ও নৈতিকতার প্রতীক। তাদের সঙ্গে এমন আচরণ শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং পুরো শিক্ষাঙ্গনের মর্যাদার ওপর আঘাত। তারা আরও উল্লেখ করে, ক্যাম্পাসে এ ধরনের সন্ত্রাসী ও অসভ্য আচরণের কোনো স্থান নেই এবং শিক্ষকদের হেনস্থা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জকসু। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।শিক্ষাঙ্গনে শালীনতা, নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সকল ছাত্রসংগঠন ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানানো হয়।
জিএ