বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২১:৫০, ৭ জানুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১২ জানুয়ারি) রংপুর সফরে আসছেন। এদিন দুপুর ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন-নবী ডন বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরের চার দিনের কর্মসূচি অনুসারে, ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত যাপন করবেন তারেক রহমান। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁওয়ে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করে রংপুরে রাত যাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন-নবী ডন বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান আসছেন রংপুর। ১২ তারিখ জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। তারপরে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারী দিনাজপুর সফর শেষে রংপুরে রাত্রি যাপন করবেন এবং ১৪ তারিখে সকল শহিদের জন্য দোয়া অনুষ্ঠিত হবে তারপরে তিনি ঢাকার দিকে রওনা দিবেন।
বেরোবির শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, আগামী ১২ তারিখ জনাব তারেক রহমান শহিদ আবু সাঈদের কবর জিয়ারত উপলক্ষে রংপুরে আসছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদের পাশাপাশি ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী আত্মত্যাগ করেন।
তিনি বলেন, শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিও শ্রদ্ধা জানানো উচিত। একই সঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও রংপুর আজও উন্নয়ন থেকে বঞ্চিত। তারেক রহমানের এই সফর রংপুরের উন্নয়নে নতুন অঙ্গীকার আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জিএ