টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৬:৪০, ১৯ জুন ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের এক মন্ত্রী এমনভাবে সব বিষয়ে কথা বলেন যেন তিনি একাই সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর একজন সহকর্মী আছেন, যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’। সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন। মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন, নির্বাচনটা হয়ে যাক বলেই আমরা এসব কথা বলেছিলাম। এটা অত্যন্ত দুঃখজনক।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায় থেকে জনগণের সঙ্গে অসত্য বলা হলে রাজনীতির প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়। “একটি দলের শীর্ষ নেতৃত্ব যদি জনগণকে বিভ্রান্ত করে, তাহলে রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি মানুষের বিশ্বাস থাকবে কীভাবে?”—প্রশ্ন রাখেন তিনি।
বক্তব্যে তিনি গণভোট প্রসঙ্গও তুলে ধরেন। তার দাবি, বিএনপি শুরুতে প্রকাশ্যে অবস্থান না নিলেও নীরবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। পরে জনমতের চাপে দলটি অবস্থান স্পষ্ট করতে বাধ্য হয়।
সরকারের বিভিন্ন সিদ্ধান্তেরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এবং জেলা পরিষদে প্রশাসক নিয়োগ—সব ক্ষেত্রেই দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে।
তার ভাষায়, “বাংলাদেশে ধীরে ধীরে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে।”
সংসদীয় রাজনীতির সংস্কৃতি নিয়েও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। এখন বিএনপিও একই ধরনের ভাষা ও আচরণ অনুসরণ করছে বলে তার অভিযোগ।
তিনি আরও বলেন, “যে কথাগুলো বলতে বলতে আওয়ামী লীগ আজ যে অবস্থায় পৌঁছেছে, বিএনপিও যদি একই পথে হাঁটে, তাহলে তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হবে।”
তরুণ সমাজকে উল্লেখ করে জামায়াত আমির বলেন, বর্তমান প্রজন্ম পুরোনো রাজনৈতিক বক্তব্যে আর আস্থা রাখে না। জনগণের প্রত্যাশা বুঝে সরকারকে জনকল্যাণমূলক ও জনবান্ধব নীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।
/এআর