রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৩:২৬, ১৫ জুন ২০২৬
রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ এক যুবকের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আসাদুল ইসলাম (২৫)। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী এবং জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছে দলটি।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশে একটি পাটক্ষেতের কাছ থেকে স্থানীয় কৃষকেরা মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (১৪ জুন) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আসাদুল ইসলাম নিখোঁজ হন। পরে রাত ৮টার দিকে তিনি তার সৌদি প্রবাসী দুলাভাইকে ফোন করে জরুরি ৫ হাজার টাকা প্রয়োজন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নিহতের পরিবারের দাবি, আসাদুল অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন এবং কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং শরীরে দগ্ধের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার জানান, এটি একটি নৃশংস ঘটনা। তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আসাদুল সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং রহস্যজনক।
/এআর