ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬:০৪, ২২ মে ২০২৬

ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা

নাসীরুদ্দীন পাটোয়ারী। সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কথোপকথনের একপর্যায়ে সাহেদের পেছনে অবস্থান করা কয়েকজন যুবক নাসির উদ্দিন পাটোয়ারীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে।

এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

/এআর
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন