ঢাকার লোডশেডিং যেন সংসদ থেকে শুরু হয়: জামায়াত আমির

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২২:০৬, ২৩ এপ্রিল ২০২৬

ঢাকার লোডশেডিং যেন সংসদ থেকে শুরু হয়: জামায়াত আমির

জামায়াত আমির। সংগৃহীত

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ ভবন থেকেই তা শুরু করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ প্রস্তাব দেন।

এর আগে প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছে। পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকায় লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদ ভবনও থাকা উচিত। রাজধানীর অন্য কোথাও যদি এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে, তাহলে সংসদেও যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে।

তিনি আরও বলেন, সংসদ ভবন থেকেই লোড ম্যানেজমেন্ট শুরু হলে জনগণ বুঝবে, দেশকে সংস্কারমুখীভাবে গড়ে তোলার আন্তরিক চেষ্টা চলছে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের অধিবেশন বন্ধ রাখা সম্ভব নয়।

জবাবে ডা. শফিকুর রহমান ব্যাখ্যা করে বলেন, তিনি সংসদ অধিবেশন বন্ধের কথা বলেননি; বরং সংসদ ভবনের বিভিন্ন দপ্তরে সীমিত পরিসরে লোডশেডিং চালুর কথা বলেছেন।

/এআর

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন