জুলাই গণ–অভ্যুত্থানকে উপেক্ষা করেছে বিএনপি: জামায়াত আমির

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২০:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই গণ–অভ্যুত্থানকে উপেক্ষা করেছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপি জুলাই গণ–অভ্যুত্থানকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, সরকারি দল হিসেবে বিএনপির এই অবস্থান জন–আকাঙ্ক্ষার পরিপন্থী এবং সংস্কারের প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করে দেয়।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর আমির এ মন্তব্য করেন। এর আগে সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো শপথ নেননি।

শফিকুর রহমান বলেন, তাঁদের কাছে পাঠানো চিঠিতে দুটি শপথের কথা উল্লেখ ছিল—প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু সংসদে প্রবেশের পর সচিব তাঁদের জানান, সরকারি দলের সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এ অবস্থায় জামায়াতসহ ১১ দলের সদস্যরা দুটি শপথ নেওয়ার প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছিলেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, ছাব্বিশ সালে নির্বাচন হওয়ার কথা ছিল না। চব্বিশের গণ–অভ্যুত্থানের কারণেই এ নির্বাচন হয়েছে।’ জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসেবে তাঁদের দায়িত্ব।

বিএনপি যে ব্যাখ্যা দিয়েছে—সংসদ বসে বিষয়টি বিবেচনা করবে—তা দ্রুত দেখতে চান বলেও জানান জামায়াত আমির। তাঁর ভাষ্য, যদি জুলাই ও সংস্কারের প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকে, তবে সংস্কার পরিষদের শপথও নেওয়া উচিত। কার কাছে শপথ নেওয়া হবে, তা সংশ্লিষ্টদের বিবেচনার বিষয় হলেও জুলাইকে স্বীকৃতি দেওয়া জরুরি। তা না হলে ছাব্বিশের সংসদ গৌরবের আসনে অধিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সরকারি প্লট ও ট্যাক্সমুক্ত গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন শফিকুর রহমান। তিনি বলেন, এ সিদ্ধান্তে তারা অনড় থাকবেন এবং যতটুকু সম্ভব বিশেষ সুবিধা গ্রহণ থেকে বিরত থাকার চেষ্টা করবেন।

/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন