টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৪:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম সাড়ে পাঁচ ঘণ্টায়, অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ইসি জানায়, বেলা ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯টি ভোটকেন্দ্রে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ভোট স্থগিত করা হয়নি।
এবারের নির্বাচনে খসড়া তালিকা অনুযায়ী মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ১০৭টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি। সে তুলনায় এবার কেন্দ্রের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে ভোটকক্ষের সংখ্যা কমেছে।
/এআর