টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৭:২৭, ২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমির। সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে এবং ১৩ ফেব্রুয়ারি থেকে দেশ একটি নতুন বাংলাদেশ পাবে। সোমবার কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেলা সাড়ে ১২টার পর তিনি সমাবেশস্থলে পৌঁছান। এর আগে সকালে মহেশখালীতে আরেকটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা হবে এমন রাজনীতিতে জামায়াতে ইসলামীর বিশ্বাস নেই। এই দেশে এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী যে-ই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করা হবে। তিনি জানান, ১২ তারিখে তাঁরা নিজেরা ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং জনগণকেও ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিকে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, কক্সবাজার একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগানো গেলে এটি দেশের অন্যতম উন্নয়ন কেন্দ্রে পরিণত হতে পারে। এর জন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামি কথা দিয়ে কথা রাখে। তাঁরা ক্ষমতায় থাকলে কোনো ওয়াদা বরখেলাপ হবে না, ইনশাআল্লাহ। এ সময় তিনি বিভিন্ন আসনের প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং যুবকদের উদ্দেশে বলেন, এই বাংলাদেশ মূলত তাদের জন্যই গড়ে তোলা হচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। তিনি চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধের ঘোষণাও দেন।
এর আগে মহেশখালীর জনসভায় তিনি বলেন, জামায়াতে ইসলামি শুধু নিজেদের বিজয় চায় না, তারা চায় দেশের ১৮ কোটি মানুষের বিজয়। দেশের জনগণের বিজয়ই হবে প্রকৃত বিজয় এবং সেই বিজয়ের অংশ হতে চান তিনি।
সকাল ১০টায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারীসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
/এআর